যশোর সীমান্তে অভিযান চালিয়ে ১৭ লাখ ৩৭ হাজার ১০০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৩০ অক্টোবর) বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ১৩৪টি শাড়ি, ১৯টি কম্বল, ১৩২টি চাদর, ১৩ প্যাকেট ফুসকা ও ৪১৬টি প্রসাধনী সামগ্রী। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৩৭ হাজার ১০০ টাকা।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যসহ পাচার চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানে বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে।
তিনি আরও জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

