সৌদি আরবের চারটি স্থানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) গোষ্ঠীটি জানায়, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল রাজধানী রিয়াদে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ভবন এবং দুটি বিমানবন্দরে থাকা সামরিক বিমান।
একইসঙ্গে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালীর কাছে সৌদি-সমর্থিত বাহিনীর অগ্রযাত্রা প্রতিহত করার দাবিও করেছে গোষ্ঠীটি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পৃথক পোস্টে হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি এসব দাবি করেন।
তিনি বলেন, রিয়াদে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ভবন লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
অন্য একটি পোস্টে সারি দাবি করেন, দক্ষিণ-পশ্চিম সৌদি আরবের আভা আন্তর্জাতিক বিমানবন্দরেও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।
এছাড়া নাজরান বিমানবন্দর ও খামিস মুশাইতে অবস্থিত কিং খালিদ বিমানঘাঁটিতে সামরিক পরিবহন বিমান লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেন তিনি। সারি জানান, এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র নাজরান বিমানবন্দরে এবং অন্যটি কিং খালিদ বিমানঘাঁটিতে নিক্ষেপ করা হয়।
হুতিদের এসব দাবির বিষয়ে সৌদি কর্মকর্তাদের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
গত জুলাই থেকে সৌদি ভূখণ্ডে হামলা জোরদার করেছে হুতিরা। প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হিসেবে বেসামরিক বিমানবন্দর, তেল স্থাপনা ও সামরিক স্থাপনাকে বেছে নেওয়ার ঘটনা বেড়েছে।
২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনের সরকারকে সমর্থন দিয়ে হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করছে সৌদি নেতৃত্বাধীন জোট।
হুতিদের বিরুদ্ধে ইরানের কাছ থেকে সমর্থন পাওয়ার অভিযোগ রয়েছে। ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে ইয়েমেনের রাজধানী সানা এবং দেশটির অন্যান্য এলাকার নিয়ন্ত্রণ ধরে রেখেছে গোষ্ঠীটি।
সূত্র: আনাদোলু এজেন্সি

