বেনাপোল প্রতিনিধি: যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে ১১৬.৬৫ গ্রাম ওজনের একটি স্বর্ণের বারসহ জালাল উদ্দিন শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা স্বর্ণ, মোবাইল ফোন ও নগদ টাকাসহ মালামালের মোট আনুমানিক মূল্য ২৪ লাখ ৬৫ হাজার ৩০৭ টাকা।
সোমবার (২৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে মহাসড়কের আফিল জুট মিলের সামনের সড়ক থেকে তাঁকে আটক করা হয়। জালাল উদ্দিন শেখ পিরোজপুর জেলার জিয়ানগর থানার চর বারইখালী গ্রামের মৃত কাসেম আলী শেখের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক দল আফিল জুট মিল এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন হিসেবে জালাল উদ্দিনকে থামিয়ে তল্লাশি করা হয়। তাঁর শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় ১১৬.৬৫ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ছাড়া একটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ২৪০ টাকা জব্দ করা হয়।
বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জালাল উদ্দিন জানিয়েছেন, তিনি ঢাকা থেকে স্বর্ণের বারটি সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা কিছুটা বেড়েছে। এ পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, জব্দ করা স্বর্ণের বারের মূল্য ২৪ লাখ ৪২ হাজার ৬৭ টাকা, মোবাইল ফোনের মূল্য ২০ হাজার টাকা এবং নগদ টাকা ৩ হাজার ২৪০ টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের মূল্য ২৪ লাখ ৬৫ হাজার ৩০৭ টাকা।

