বেনাপোল প্রতিনিধি: ভারতে অবৈধভাবে অবস্থানের দায়ে আটক ও সাজা ভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন একই পরিবারের তিন বাংলাদেশি। তাঁদের মধ্যে রয়েছেন এক দম্পতি ও তাঁদের দুই বছর বয়সী সন্তান।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীন বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের সীমান্ত পিলার ১৮/৮-এস সংলগ্ন শূন্যরেখা দিয়ে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাঁদের বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা ব্যক্তিরা হলেন বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ধরাদোয়া ধেথলার (ডেপুয়ারপাড়) গ্রামের মো. আল আমিন শেখ (২০), তাঁর স্ত্রী জোসনা আক্তার (২১) ও তাঁদের দুই বছর বয়সী ছেলে আরমান শেখ।
বিজিবি সূত্রে জানা যায়, ভালো কাজের আশায় তাঁরা দীর্ঘদিন আগে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে অবস্থানের সময় ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন তাঁরা। পরে সাজা ভোগ শেষে দুই দেশের আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাঁদের দেশে ফেরত পাঠানো হয়।
হস্তান্তর প্রক্রিয়া শেষে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ তাঁদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।
বেনাপোল পোর্ট থানা পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে তাঁদের যশোরের মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হবে। পরে সংস্থাটির মাধ্যমে তাঁদের নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।

