ইরানে আবারও সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র-এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, হামলা আগামীকালই হতে পারে, আবার তেহরানের সঙ্গে বড় কোনো চুক্তিও হতে পারে।
তবে সামরিক অভিযানের সময় জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। ট্রাম্পের দাবি, হামলা হোক বা সমঝোতা-দুই ক্ষেত্রেই জয়ী হবে যুক্তরাষ্ট্র।
ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে তিনি ভালোভাবেই পরিস্থিতি সামলেছেন। এখন হয়তো তাকে ‘কাজটা শেষ করতে’ হতে পারে, অথবা ইরান চুক্তিতে পৌঁছাতে পারে।
তবে তেহরান শেষ পর্যন্ত চুক্তিতে রাজি হবে কি না, সে বিষয়ে নিশ্চিত নন তিনি।
শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ইরানে হামলার বিষয়টি বিবেচনায় রয়েছে এবং তা আগামীকালও হতে পারে।
তবে এ বিষয়ে আগাম কিছু জানাবেন না বলে স্পষ্ট করেন তিনি। তার মতে, সামরিক পদক্ষেপের পাশাপাশি ইরানের সঙ্গে একটি বড় ও ভালো চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনাও রয়েছে।
এর আগে শুক্রবার এক সমাবেশে ট্রাম্প ইরানে আবারও ‘লিটল এপিক ফিউরি’ চালানোর সম্ভাবনার কথা বলেন। ‘এপিক ফিউরি’ ছিল ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের সাংকেতিক নাম। নতুন করে একই নামে অভিযান চালানোর ইঙ্গিত মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বাড়ার আশঙ্কা তৈরি করেছে।
তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

