নড়াইল প্রতিনিধি: ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর ভক্তদের প্রার্থনায় মুখর নড়াইল। শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আজ সকালে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। নড়াইলের কুড়িগ্রাম মুচিপুল এলাকায় আয়োজিত এ পূজাকে ঘিরে ভক্তদের মধ্যে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ।
মহা অষ্টমীর বিশেষ তিথিতে একটি কুমারী কন্যাকে মাতৃরূপে সাজিয়ে দেবীর আসনে বসানো হয়। ফুল, চন্দন আর মন্ত্রোচ্চারণে চলে পূজার আনুষ্ঠানিকতা। ভক্তরা শ্রদ্ধা ও ভক্তিভরে কুমারী কন্যার মাঝে দেবী দুর্গার প্রতীকী রূপ দর্শন করেন।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, নারীশক্তির মধ্যেই নিহিত রয়েছে সৃষ্টির শক্তি ও মমতার চিরন্তন রূপ। কুমারী পূজা সেই নারীশক্তির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং জগৎজননীকে বন্দনার এক অনন্য আয়োজন।
একটি শিশুকন্যার মাঝে মাতৃরূপের আরাধনা—এই পূজা যেন মনে করিয়ে দেয়, নারী শুধু মমতার প্রতীক নন, তিনি শক্তি, সৃষ্টি ও শ্রদ্ধারও প্রতিচ্ছবি। দেবীর কাছে ভক্তদের প্রার্থনা—অশুভের বিনাশ হোক, পৃথিবী ভরে উঠুক শান্তি, ভালোবাসা ও সম্প্রীতিতে।

