‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’ প্রতিপাদ্যে যশোরে বিশ্ব মান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) যশোরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের অমিতাক্ষর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বিএসটিআই যশোরের উপপরিচালক (সিএম) প্রকৌশলী মো. আসলাম শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম ও যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান। এ ছাড়া প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, টেকসই উন্নয়ন ও উন্নত বিশ্ব গঠনে পণ্যের গুণগত মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়াতে বিএসটিআইসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

