HomeTop৩৫ হাজার শিক্ষার্থীর জন্য অডিটোরিয়াম চায় যশোর এমএম কলেজ ছাত্রশিবির

৩৫ হাজার শিক্ষার্থীর জন্য অডিটোরিয়াম চায় যশোর এমএম কলেজ ছাত্রশিবির

যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে আধুনিক ও সুপরিসর অডিটোরিয়াম নির্মাণের দাবিতে কলেজের অধ্যক্ষের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এমএম কলেজ শাখা। কলেজটিতে অধ্যয়নরত প্রায় ৩৫ হাজার শিক্ষার্থীর একাডেমিক, সাংস্কৃতিক ও সহশিক্ষামূলক কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার সুবিধার্থে এ দাবি জানানো হয়।

সোমবার ছাত্রশিবিরের এমএম কলেজ শাখার একটি প্রতিনিধি দল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. হারুন অর রশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করে।

স্মারকলিপিতে বলা হয়, দক্ষিণবঙ্গের অন্যতম প্রধান এই শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষাবিষয়ক সেমিনার, সামাজিক, সাংস্কৃতিক ও সহশিক্ষামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। তবে দীর্ঘদিন ধরে একটি পূর্ণাঙ্গ মিলনায়তনের অভাবে বড় পরিসরে কিংবা যৌথভাবে অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে শিক্ষার্থীদের নানা ভোগান্তিতে পড়তে হয়।

এ অবস্থায় শিক্ষার্থীদের সার্বিক বিকাশ ও কলেজের অবকাঠামোগত উন্নয়নের স্বার্থে দ্রুত অডিটোরিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি অডিটোরিয়াম নির্মাণের জন্য পূর্বনির্ধারিত স্থান চূড়ান্ত করা, প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের অগ্রগতি পর্যালোচনা, বাজেট ও অর্থায়নের পরিকল্পনা গ্রহণ এবং নির্মাণকাজের সামগ্রিক অগ্রগতি নিয়মিত শিক্ষার্থীদের অবহিত করার আহ্বান জানানো হয়।

সৌজন্য সাক্ষাৎকালে অডিটোরিয়াম নির্মাণের পাশাপাশি ক্যাম্পাসের শিক্ষা পরিবেশ ও সাধারণ শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

এ সময় কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. হারুন অর রশিদ এবং শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আতিয়ার রহমান শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত পোষণ করেন। দীর্ঘদিনের এ সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে তাঁরা ইতিবাচক আশ্বাস দেন বলে ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে।

স্মারকলিপি প্রদানকালে ছাত্রশিবিরের এমএম কলেজ শাখার সভাপতি রাকিব হাসান, সম্পাদক আনিসুর রহমানসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments