যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিকেল ও রাতে জেলার কোতোয়ালি মডেল ও চৌগাছা থানা এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টা ৫ মিনিটের দিকে ডিবির এসআই (নিঃ) মো. কামাল হোসেনের নেতৃত্বে একটি দল কোতোয়ালি মডেল থানাধীন ৪ নম্বর নওয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাঁচবাড়িয়া গ্রামে যশোর-মাগুরা মহাসড়কের পাশে ক্যাফে গ্রীন সিটি রেস্টুরেন্টের গেটের সামনে অভিযান চালায়। এ সময় মো. শাওন রেজা (২৮) নামে এক যুবককে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
আটক শাওন রেজা যশোরের কোতোয়ালি মডেল থানাধীন বড় বালিয়াডাঙ্গা (মধ্যপাড়া) এলাকার মো. শাহিনুর রহমানের ছেলে।
অন্যদিকে, একই দিন বিকেল ৪টা ৫ মিনিটের দিকে ডিবির এসআই শিবু মন্ডলের নেতৃত্বে অপর একটি দল চৌগাছা থানাধীন পাশাপোল ইউনিয়নের বানরহুদা গ্রামের আম-জামতলা বাজারে অভিযান চালায়। এ সময় ইমরান ট্রেডার্সের সামনে থেকে মো. ইমরান হোসেন (৩৯) নামে একজনকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
আটক ইমরান হোসেন বানরহুদা (আম-জামতলা বাজার) এলাকার মো. আকিমুল ইসলামের ছেলে।
ডিবি পুলিশ জানায়, পৃথক দুটি অভিযানে মোট ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটক দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন/আইনগত ব্যবস্থা শেষে বৃহস্পতিবার (৮ অক্টোবর) তাদের আদালতে পাঠানো হয়েছে।

