স্টাফ রিপোর্টার:যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসল করতে গিয়ে জুনায়েদ (৪) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নওয়াপাড়া ভৈরব নদের পূর্বাঞ্চল খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ জুনায়েদ উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দেয়াপাড়া গ্রামের শহিদুল গাজীর ছেলে।
স্থানীয়রা জানান, সকালে বড় ভাইয়ের সঙ্গে ভৈরব নদে গোসল করতে যায় জুনায়েদ। একপর্যায়ে হঠাৎ পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় সে। পরে স্থানীয়রা নওয়াপাড়া ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নদীতে তল্লাশি শুরু করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশুটিকে উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছিল।

