যশোরে পৃথক দুটি সড়ক ও রেল দুর্ঘটনায় ইজিবাইকের দুই যাত্রী নিহত এবং এক সাইকেল আরোহী আহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ও সন্ধ্যায় দুর্ঘটনা দুটি ঘটে।
দুপুর ২টার দিকে সদর উপজেলার কৃষ্ণবাটি এলাকায় রেললাইন পার হওয়ার সময় একটি ইজিবাইককে ঢাকা থেকে আসা রূপসী বাংলা ট্রেন ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই ইজিবাইকের দুই যাত্রী আজিজুল হক (৪৫) ও এরশাদ (৫০) নিহত হন।
নিহত আজিজুল হক সদর উপজেলার তপসিডাঙ্গা এলাকার গফুর গাজীর ছেলে এবং এরশাদ একই এলাকার কুড়ন গাজীর ছেলে।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং পরিচয় শনাক্ত করে। যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোর শহরের ধর্মতলা মোড়ে ইজিবাইকের ধাক্কায় আনন্দ পাল (২৬) নামে এক সাইকেল আরোহী আহত হন। তিনি সদর উপজেলার দিয়াড়া এলাকার মৃত তারক পালের ছেলে।
স্থানীয়রা জানান, আনন্দ পাল সাইকেলে নারায়ণগলি যাওয়ার পথে ধর্মতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে মাথায় আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আনন্দ পাল বর্তমানে পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

