HomeTop1কেশবপুরে ভয়ংকর চুরি: বৃদ্ধ দম্পতিকে অচেতন করে ২৪ লাখ টাকার স্বর্ণ লুট

কেশবপুরে ভয়ংকর চুরি: বৃদ্ধ দম্পতিকে অচেতন করে ২৪ লাখ টাকার স্বর্ণ লুট

কেশবপুর (যশোর) প্রতিনিধি:যশোরের কেশবপুর উপজেলার মজিদপুর গ্রামে জানালার ফাঁক দিয়ে চেতনানাশক জাতীয় স্প্রে প্রয়োগ করে বৃদ্ধ দম্পতিকে অচেতন করে একটি বাড়িতে চুরির অভিযোগ উঠেছে। এ সময় আলমারি ও লকার ভেঙে ১২ ভরির বেশি স্বর্ণালঙ্কার এবং নগদ এক লাখ টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। ঘটনাটি ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, ৯ সেপ্টেম্বর দিবাগত রাতের কোনো এক সময়, আনুমানিক রাত ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে এ ঘটনা ঘটে। চুরির শিকার বাড়িটি চালডাল পিএলসির উপ-পরিচালক আজিজুর রহমান জিকোর। ঘটনার সময় তিনি কাজের প্রয়োজনে যশোরে অবস্থান করছিলেন। বাড়িতে ছিলেন তাঁর বৃদ্ধ বাবা মো. আতিয়ার রহমান ও মা জরিনা বেগম।

পরিবারের দাবি, গভীর রাতে দুর্বৃত্তরা জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতরে চেতনানাশক জাতীয় কোনো কেমিক্যাল স্প্রে করে। এতে ঘরে থাকা প্রবীণ দম্পতি অচেতন হয়ে পড়েন। পরে দুর্বৃত্তরা কলাপসিবল গেটের তালা কেটে ঘরে প্রবেশ করে। তারা যাতে সহজে বাইরে বের হতে না পারেন, সেজন্য বৃদ্ধ দম্পতির কক্ষের দরজাও বাইরে থেকে আটকে দেওয়া হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এরপর বাড়ির বিভিন্ন কক্ষের আলমারি ও লকার তছনছ করে ৫ জোড়া কানের দুল, ৩ জোড়া রুলি, একটি নেকলেস, একটি চেইন ও দুটি আংটিসহ ১২ ভরির বেশি স্বর্ণালঙ্কার নিয়ে যায় দুর্বৃত্তরা। পরিবারের হিসাবে এসব স্বর্ণালঙ্কারের আনুমানিক বর্তমান বাজারমূল্য প্রায় ২৪ লাখ টাকা। একই সঙ্গে নগদ এক লাখ টাকাও লুট করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

পরদিন সকালে স্থানীয় লোকজন ও আত্মীয়স্বজন বাড়িতে গিয়ে বৃদ্ধ দম্পতিকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে তাদের উদ্ধার করে পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়।

চুরির খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফুয়াদ, ওলিয়ার রহমানসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এদিকে, ঘটনার প্রাথমিক সত্যতা যাচাইয়ে তিন সদস্যের একটি তদন্ত দল কাজ করছে বলে জানা গেছে। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মাঝরাতে এ ধরনের চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। বিশেষ করে চেতনানাশক জাতীয় স্প্রে ব্যবহার করে বৃদ্ধ দম্পতিকে অচেতন করার অভিযোগে এলাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং লুট হওয়া স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments