জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আওয়ামীলীগের তিন নেতা সহ ৫ জনকে আটক করেছে। গত সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
থানা সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে কেশবপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাগরদাঁড়ি গ্রামের মৃত শিবপদ দেবনাথের ছেলে উপজেলা আওয়ামীলীগের সদস্য এবং ইউপি সদস্য সুভাষ দেবনাথ (৬৪) এবং সাগরদাঁড়ি ইউনিয়নের শেখপুরা গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে ২নং সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুস সবুর শেখ (৬০) এবং ৯নং গৌরিঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোসলেম উদ্দিন ফকির (৫৩) কে আটক করে।
উল্লেখ্য, চলতি বছরের ২২ আগস্ট উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের ভাদুড়িয়া মোড় নামক স্থানের সংঘটিত নাশকতা মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। যার মামলা নং-১৪।
অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে ভাল্লুকঘর ক্যাম্পের পুলিশ পৌর শহরের ত্রিমোহীনি মোড় এলাকা থেকে ৭০ পিচ ইয়াবাসহ ইব্রাহিম হোসেন (২৮)কে আটক করে। সে পাশ্ববর্তী মনিরামপুর উপজেলার চালকিডাঙ্গা গ্রামের আবু কাসেম গাজীর ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে মামলা হয়েছে। এছাড়াও আরেক অভিযানে উপজেলার সাতবাড়িয়া এলাকা থেকে মনিরামপুর উপজেলার হাজরাকাঠি গ্রামের মফিজ দফাদারের ছেলে দিপু (২৮) কে আটক করা হয়েছে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন বলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য সুভাষ দেবনাথ এবং সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুস সবুর শেখ এবং গৌরিঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোসলেম উদ্দিন ফকির (৫৩) কে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ৭০পিচ ইয়াবাসহ ইব্রাহিম হোসেন নামে এক মাদক ব্যাবসায়ী এবং দিপু নামে আরেক মাদকাসক্তকে আটক করা হয়। আটককৃতদেরকে মঙ্গলবার দুপুরে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

