যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিদেশি মদ, সিরাপ, শাড়ি, ফুসকা ও প্রসাধনী সামগ্রীসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৪ সেপ্টেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর আমড়াখালী চেকপোস্ট ও বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৮ বোতল বিদেশি মদ, ৮ বোতল ESCUF SYRUP, ১৫টি শাড়ি, ২ প্যাকেট ফুসকা এবং ৫টি কসমেটিকস সামগ্রী। জব্দকৃত এসব মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৭৯ হাজার ২০০ টাকা।
৪৯ বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী দীর্ঘদিন ধরে গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্তে মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

