যশোর সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় শাড়ি, ফুসকা, জিরা, চকলেট, কিসমিস, কসমেটিক্সসহ প্রায় ১০ লাখ টাকা মূল্যের চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (৩০ আগস্ট) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মালামাল আটক করে।
বিজিবি জানায়, অভিযানে ভারতীয় ৮০টি শাড়ি, ৯৭ কেজি ফুসকা, ২ দশমিক ৫ কেজি জিরা, ৪৭টি চকলেট, ৩ কেজি কিসমিস, ৪ প্যাকেট সনপাপড়ি, ৯টি চাটনী, ৬ প্যাকেট পেস্তাবাদাম এবং ৪৪৩টি কসমেটিক্স সামগ্রী আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৯ লাখ ৫৯ হাজার ৬৮০ টাকা।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি বলেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

