স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান শিক্ষাবান্ধব সরকার বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে এক্সট্রা কারিকুলার কার্যক্রমের ওপর গুরুত্ব দিচ্ছে। স্কুল পর্যায় থেকেই বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
শুক্রবার যশোরের সেক্রেড হার্ট মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল দলের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয়ের একাডেমিক ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বর্তমান সরকার দেশের শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ দিয়েছে। অতীতে কোনো সময় শিক্ষা খাতে এত বড় বরাদ্দ দেওয়া হয়নি। আগামীতে এ বরাদ্দ আরও বাড়িয়ে পর্যায়ক্রমে ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, “যাদের চোখে আমরা আগামীর বাংলাদেশ দেখতে চাই এবং যাদের হাত ধরে দেশকে এগিয়ে নিতে চাই, তাদের যোগ্য করে গড়ে তুলতে শিক্ষা খাতে কোনো কার্পণ্য করা হবে না। আমাদের শিক্ষার্থীরা যেন বিশ্বের অন্যান্য দেশের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে দেশকে একটি ঈর্ষণীয় অবস্থানে নিয়ে যেতে পারে, সেভাবেই তাদের প্রস্তুত করতে চাই।”
প্রতিমন্ত্রী বিদ্যালয়ের বিজ্ঞান ও কম্পিউটার ল্যাবের পরিধি বাড়ানো এবং লাইব্রেরি সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা করারও ঘোষণা দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন।
সেক্রেড হার্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভেরোনিকা যমুনা রোজারিওর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ। এ সময় বিদ্যালয়ের অভিভাবক সদস্য রাজিদুর রহমান সাগরসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

